নয় দিনের নিউ ইয়র্ক সফর শেষে আজ দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে এই সফরে গিয়েছিলেন তিনি।

আজ (বৃহস্পতিবার) সকাল ৯টায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবদুল কালাম আজাদ মজুমদার বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল।

বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

সফরে অধ্যাপক ইউনূস একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন এবং বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। গত ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন অধ্যাপক ইউনূস।

৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত 'মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ-পর্যায়ের সম্মেলন'-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

২৯ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন। এছাড়া, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডিও তার হোটেলে সাক্ষাৎ করেন।

এছাড়াও, স্বল্পোন্নত দেশ, ভূমি-পরিবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল দেশগুলোর জন্য জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও উচ্চ প্রতিনিধি রাবাব ফাতিমা বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

নিউ ইয়র্ক সফরের সময় অধ্যাপক ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া একটি সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন। সেখানে তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টা নেদারল্যান্ডস, পাকিস্তান, ভুটান এবং কসোভোসহ আরো কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ২২ সেপ্টেম্বর ভোরে ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হয়েছিলেন।