বাংলাদেশে শিক্ষার্থীদের চলমান কোটাবিরোধী আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে যেকোনো সহিংস ঘটনার নিন্দা জানাই আমরা।’

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন ম্যাথিউ মিলার।

ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্ন ছিল বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও ছাত্রসংগঠনের ভূমিকা নিয়ে। এর জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘আমি এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলছি না। তবে আমি বলব, ঢাকায় শিক্ষার্থী বিক্ষোভ ছড়িয়ে পড়ার সময় সংঘটিত সহিংসতার ওপর আমরা নজর রাখছি। পাশাপাশি বিক্ষোভ শান্তিপূর্ণ হওয়ার আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে যেকোনো সহিংসতার ঘটনার নিন্দা জানাই আমরা।’

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ নিয়ে এক সাংবাদিক ম্যাথিউ মিলারকে প্রশ্ন করেন, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করবেন কিনা। এ প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘আমরা এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলছি না।’