সড়ক দুর্ঘটনায় চার জেলায় পাঁচজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল ও আগের দিন রাতে ময়মনসিংহ, নরসিংদী, রাজশাহী ও যশোরে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

ময়মনসিংহ: ত্রিশালে বাসচাপায় সাখাওয়াত হোসেন সোহাগ (২০) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশাচালক। গতকাল বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাগান রাগামারায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাখাওয়াত হোসেন ত্রিশাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল কাদের লাল মিয়ার ছেলে। তিনি ত্রিশাল সরকারি নজরুল কলেজের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৫টার দিকে অটোরিকশায় উপজেলার বাগান রাগামারায় যাচ্ছিলেন সোহাগ। পথে কনজুমার নিটেক্স কারখানার সামনে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারালে পেছন থেকে একটি বাস চাপা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই সোহাগ মারা যান। আহত চালককে স্থানীয় লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নরসিংদী: জেলার পাঁচদোনায় প্রাইভেট কার ও টমটমের সংঘর্ষে টমটমের চালক নিহত হয়েছেন। গতকাল দুপুরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মো. শাকিল (২৩) কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার কুটার জঙ্গল গ্রামের মো. হিরণ মিয়ার ছেলে।

নিহতের ভাই রাকিব জানান, সকালে নরসিংদীর রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেট কারের সঙ্গে টমটমের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শাকিল। প্রথমে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

রাজশাহী: নওগাঁ-রাজশাহী মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও নসিমন সংঘর্ষে সেনাবাহিনীর এক সদস্যসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের সইপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান। নিহতরা হলেন সেনা সদস্য পলাশ ও স্থানীয় একটি মসজিদের ইমাম আব্দুল কুদ্দুস।

ওসি আব্দুল হান্নান জানান, রাজশাহী থেকে নওগাঁ যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। এ সময় বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত খড়বোঝাই নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। মরদেহ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

যশোর: জেলার শার্শায় ট্রাকচাপায় কামাল হোসেন (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শার্শা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন বেনাপোলের সিকড়ী গ্রামের আব্দুল সালামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন শার্শায় আফিল জুটমিলের কর্মচারী কামাল হোসেন। মিল গেটের সামনে সাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় যশোর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে তাকে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাইওয়ে পুলিশের ওসি রোকনুজামান রোকন জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।