খেলাধুলার চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি একটি ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি। তিনি বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়; এটি একটি পেশা ও জীবিকা নির্বাহের মাধ্যম হিসেবেও প্রতিষ্ঠিত হতে পারে। যারা ভালো খেলোয়াড় হিসেবে জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করছেন এবং দেশের সুনাম অর্জন করছেন, তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে।’

গতকাল রাজধানীর গ্রীন রোড সরকারি স্টাফ কোয়ার্টার, কলাবাগানে ‘গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজ কেন্দ্র’ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ঢাকা-১০ আসনের কলাবাগান স্টাফ কোয়ার্টার ও কলাবাগান এলাকার মানুষের অংশগ্রহণে আয়োজিত এ ধরনের অনুষ্ঠানকে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘সবাইকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থেকে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে।’

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে যোগাযোগমন্ত্রী টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।