মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের লিফট
সার্ভিসিং করার সময় সেখান থেকে পড়ে মোহাম্মদ শিপন নামের একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার
(২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনের লিফটে রক্ষণাবেক্ষণ
কাজ করার সময় ওই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল থেকেই
ওই হাসপাতালের লিফট রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। পরে বেলা ১১টার দিকে লিফটের ষষ্ঠতলায়
কাজ করার সময় অসাবধানতাবসত নিচ থেকে কেউ ডাউন বাটন চাপলে লিফট নিচের দিকে চলে যায়।
এতে সে কিছুক্ষণ দরজায় ঝুলে থেকে ছিটকে নিচে পড়ে যায়।
এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সিগঞ্জ
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলার সিভিল সার্জন
ডা. মঞ্জুরুল আলম জানান, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নতুন ভবনে লিফটের রক্ষণাবেক্ষণ
কাজ করছিল কয়েকজন। এ সময় অসাবধানতায় নিচ থেকে কেউ লিফট বাটন চাপলে এই দুর্ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার
খায়রুল হাসান জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি লিফটে কাজ করার সময়
একজনের মৃত্যু হয়েছে।









