সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ২৪০ রানের দুর্দান্ত এক জুটিতে ভর করে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ১৭১ রানে অপরাজিত থাকেন। ১৪১ রানের দুর্দান্ত এক নক খেলেন সহ-অধিনায়ক সৌদ শাকিল। এ জুটিতে ভর করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা। তাদের সাড়ে প্রায় চারশর জবাবে সফরকারী বাংলাদেশ দল ১২ ওভারে বিনা উইকেটে ২৭ রান তুলে নিরাপদে প্রথম দিন পার করে। যদিও আজ পাকিস্তানের চার পেস বোলারদের সামনে কঠিন পরীক্ষায় পড়তে চলেছে নাজমুল হোসেন শান্তর দল।
১১৪ রানে ৪ উইকেট পতনের পর হাল ধরেন রিজওয়ান ও শাকিল। ১৫৮/৪ স্কোর নিয়ে গতকাল দিন শুরুর পর জোড়া সেঞ্চুরিতে স্বাগতিকদের সংগ্রহ বড় করতে থাকেন দুজন। অবশেষে ২৪০ রানের দীর্ঘ এ জুটি ভেঙে স্বস্তি আনেন স্পিনার মেহেদী হাসান মিরাজ (৩৫৪/৫)। দুজন ৬৩.৫ ওভার খেলেন। শাকিল (২৬১ বলে ১৪১) স্টাম্পিং হয়ে সাজঘরে ফেরার পর আগা সালমানকে (১৯) নিয়ে ৪৪ ও শাহিন শাহ আফ্রিদিকে (২৯) নিয়ে ৫০ রান যোগ করেন রিজওয়ান। ২৩৯ বলে ১১টি চার ও তিনটি ছক্কায় ১৭১ রান করেন তিনি। আফ্রিদি ২৪ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।










