বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের একটি আন্তঃসংস্থা প্রতিনিধিদল। গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এই প্রতিনিধিদলে ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের সহকারী সচিব ব্রেন্ট নাইম্যান, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী সচিব ডোনাল্ড লু, ইউএসএআইডির এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর এবং সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ।

বৈঠকে বাংলাদেশের জনগণের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সুযোগ তৈরি, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক শাসনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে।

সফরকালে ইউএসএআইডি অন্তর্বর্তী সরকারের সঙ্গে ২০০ মিলিয়ন ডলারের একটি উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়া, সুশাসন শক্তিশালী করা, বাণিজ্য সম্প্রসারণ এবং দেশের মানুষের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহায়তা করা হবে।

২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে ইউএসএআইডি বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে প্রায় ১ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। নতুন এই অর্থায়ন বাংলাদেশের জন্য আরো অন্তর্ভুক্তিমূলক, সমতামূলক এবং গণতান্ত্রিক পথচলায় সহায়ক হবে।