দিনাজপুরের বিরামপুর সীমান্তে মাদকের পাওনা টাকা নিয়ে বাংলাদেশ ও ভারতীয় মাদক চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলিম মন্ডল নামের এক ভারতীয় নিহত হয়েছেন। এছাড়া এক ভারতীয় ও দুই বাংলাদেশীসহ মোট তিনজন আহত হয়েছেন।
গতকাল দুপুরে বিরামপুর উপজেলার কাটলা দাউদপুরের জামালপুর সীমান্তে ২৮৯ মেইন পিলারের ২৫ ও ২৬ সাব পিলারের মাঝামাঝি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আলিম মন্ডল ভারতের জামালপুর গ্রামের হরমুজ মন্ডলের ছেলে। এ ঘটনায় একই এলাকার হাবিবুল মন্ডলের ছেলে আশারুল মন্ডল আহত হয়েছেন, তিনি ভারতের বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশী আহতরা হলেন বিরামপুর উপজেলার ২ নং কাটলা ইউপি সদস্য ও দক্ষিণ দাউদপুর গ্রামের মৃত মহির উদ্দিন কবিরাজের ছেলে মইনুল ইসলাম (৩৫) ও তার বড় ভাই মমিনুল ইসলাম (৪৫)। বর্তমানে তারা দুজন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে এ ঘটনায় বিকালে ওই এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ভারতের ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার অজয় কুমার তিওয়ারি ও জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু নাঈম খন্দকার, ভাইগড় বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার শওকত হোসেন ও দাউদপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। সংঘর্ষের ঘটনায় উভয় দেশের জড়িতদের তালিকা করে তাদের শাস্তির আওতায় আনা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় দেশের নাগরিকদের শান্ত থাকতে বলা হয়।









