ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বেলা ১২টার দিকে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি সুমন শেখ (৩৮) আদালতে উপস্থিত ছিলেন। সুমন রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর নিউ কলোনি এলাকার আব্দুল আজিজের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের চরকমলাপুরের একটি ভাড়া বাসায় স্ত্রী মমতাজ বেগমকে নিয়ে থাকতেন সুমন। পারিবারিক কলহের জেরে ২০১৮ সালের ১৫ আগস্ট রাতে ঘুমন্ত স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যান তিনি। এ ঘটনার পর নিহতের বোন আকলিমা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায়
একটি মামলা করে। মামলার দীর্ঘ শুনানি শেষে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আদালত সুমন শেখকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন।










