পার্বত্যাঞ্চলে ভূমিসহ ভুল বোঝাবুঝি থেকে সৃষ্ট নানা ধরনের বিবাদ মৌজা হেডম্যানরা সামাজিকভাবে নিষ্পত্তি করলে আদালতে মামলা কমবে। বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এ তিন সার্কেল সরকারের একটি অংশ। সামাজিক বিচার, প্রশাসনিক ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে তিন সার্কেলের প্রতিটি স্তরের প্রধানদের আরো দক্ষ হতে হবে। এসব বিষয়ে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। সরকার চায় তিন সার্কেলের হেডম্যান-কারবারিদের কল্যাণ হোক।

গতকাল বান্দরবান সদরে অরুণ সারকি টাউন হলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। অন্তর্বর্তীকালীন পুনর্গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে দলীয়ভাবে মনোনীত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বোমাং সার্কেলের হেডম্যান-কারবারি কল্যাণ পরিষদ (হেকাকপ)। এতে সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন ও রাঙ্গামাটির কাপ্তাই, রাজস্থলীসহ বান্দরবানের বিভিন্ন মৌজার হেডম্যান, কারবারিসহ ছয় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

হেকাকপের উপদেষ্টা বালাঘাটা মৌজার হেডম্যান সাচপ্রুর (মংনু) সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি বেতছড়া মৌজার হেডম্যান হ্লাথোয়াইহ্রী মারমা। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কুদ্দুস ফরাজী, রাজকুমার নুমংপ্রু, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।