শরীয়তপুরের জাজিরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয় একটি অ্যাম্বুলেন্স। এতে অ্যাম্বুলেন্সের চালক, সহকারী ও চার যাত্রীর সবাই নিহত হন। গত সোমবার রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রোগী ও স্বজনদের নিয়ে বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) সুরজ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত অ্যাম্বুলেন্সের যাত্রীরা হলেন পটুয়াখালীর বাউফলের জাহানারা বেগম (৫৫), তার মেয়ে লুত্ফুন নাহার লিমা (৩২), তাদের আত্মীয় ফজলে রাব্বি (২৮), মাসুদ রানা (৩৮), অ্যাম্বুলেন্সের চালক রবিউল ইসলাম (২৮), চালকের সহকারী হিরো মৃধা (২৭)। অসুস্থ জাহানারা বেগমকে চিকিত্সার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে তারা এ দুর্ঘটনার শিকার হন।
এসআই সুরজ মিয়া জানান, জাজিরায় পদ্মা সেতু টোল প্লাজার কাছে গতি নিরোধক পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় অ্যাম্বুলেন্সটি। এরপর ট্রাকের পেছনে ধাক্কা দেয়। দুমড়েমুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সের চালকসহ ছয় যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে মরদেহ উদ্ধার করে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়।












