বান্দরবান পৌরসভার জাদিপাড়া এলাকার একটি দোকানে সরকারি চাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই দোকান থেকে বিক্রয় নিষিদ্ধ সাত বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।
গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর দায়ী বাপ্পা স্টোরের মালিক মধু দাশকে বান্দরবান জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ বণিক বার্তাকে বলেন, জব্দ করা সাত বস্তা চাল সরকারি খাদ্যগুদামের খাদ্য অধিদপ্তরের চাল। এছাড়া ওই দোকানে সরকারি চালের আরো কয়েকটি খালি বস্তা দেখা গেছে। সরকারি চাল বাজারে বিক্রি করার কোনো অনুমোদন নেই। অবৈধভাবে সরকারি চাল দোকানে বিক্রি করার দায়ে তাকে এ সাজা দেয়া হয়েছে।









