সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশে চলমান আন্দোলনের সংবাদ সংগ্রহকালে পুলিশের ছররা গুলিতে বণিক বার্তার ফটোসাংবাদিক সোহানুর রহমান আহত হয়েছেন। গতকাল উত্তরা পূর্ব থানায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। এর আগে সোমবার রাতে বণিক বার্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহদী মামুন সংবাদ সংগ্রহের সময় পুলিশের ছররা গুলিতে আহত হন।

আহত সোহান জানান, রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ বাধা দিলে সংঘর্ষের শুরু হয়। একপর্যায়ে পুলিশ টিয়ার গ্যাস, রাবার বুলেট ও গুলি ছুড়তে থাকে। অন্য প্রান্ত থেকে শত শত শিক্ষার্থী ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ সদস্যরা থানার ভেতরে চলে যান। একপর্যায়ে তারা থানার ছাদে উঠে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ সময় ছররা গুলিতে আমিও আহত হই।