ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানই বিএনপির সামনে ‘এখন চ্যালেঞ্জ’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পনের পরে সাংবাদিকদের কাছে এই অভিমত ব্যক্ত করেন দলের মহাসচিব ।
তিনি বলেন, এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে সে নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠভাবে করতে সর্বতোভাবে সহযোগিতা করা, সাহায্য করা।
সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার বিষয়ক কমিশনগুলো যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল তাতে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে। সেইসঙ্গে বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনার ব্যবস্থা করেছে।
জনগণের সমর্থনের মধ্য নিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন ঘটাবে বলেও জানান মির্জা ফখরুল।
এরআগে, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল ১১টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতা-কর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে যান। সেখানে জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণ করেন এবং প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।










