দিঘুলীয়া থেকে টাঙ্গাইল পৌরসভার ৫ নং ওর্য়াডে সাকরাইল যাওয়ার পথে খালের পাশে একটি পাকুড় গাছ। কে বা কারা এই গাছটি রোপণ করেছিল, নাকি প্রাকৃতিকভাবেই এটি এখানে জন্মেছে তা কেউ জানে না। স্থানীয়দের ধারণা, এই গাছের বয়স অন্তত একশ বছ। পাকুড় গাছটি ইতিহাসের সাক্ষী এবং দর্শনীয় স্থানে পরিণত হয়েছিল।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) কাকডাকা ভোরে শতবর্ষী গাছটি উপড়ে পড়ে গেছে। অতিবৃষ্টি ও উজানের ঢলে যমুনাসহ জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার পানি প্রবেশ করেছে ওই এলাকায়। ফলে গাছটির গোড়া থেকে মাটি সরে গেছে। মূলত এ কারণে গাছটি উপড়ে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পার্শ্ববর্তী একটি বাড়ির উপর গাছের একটা অংশ পড়ার কারণে একটি রিকশা দুমড়েমুচড়ে গেছে।
এদিকে বিশাল গাছটি রাস্তার উপর পড়ায় পশ্চিম অঞ্চালের সঙ্গে যানচলাচল বন্ধ রয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। বিশেষ করে সদর উপজেলার দাইন্যা, হুগড়া, পোড়াবাড়ি ইউনিয়নের এবং পৌরসভার ৫ নং ওয়ার্ডে যাতায়াতের প্রধান পথ এটি।
স্থানীয় বাসিন্দা মির্জা রোকন বলেন, ভোর রাতে হঠাৎ বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি পাকুড় গাছটি রাস্তার উপরে আছড়ে পড়েছে। গাছটির গোড়ায় মাটির না থাকার কারণেই উপড়ে পড়েছে।
স্থানীয় দুখু মিয়া বলেন, গাছটির গোড়া এমনিতেই খালের কিনায় হওয়ায় ঝুঁকিতে ছিল। এর মধ্যে কয়েকদিন ধরে বন্যার পানি আসায় মাটি সরে আস্তে আস্তে বামদিকে হেলে পড়ছিল। শেষ পর্যন্ত উপড়েই গেল।









