বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাসের (বি-স্ক্যান) উদ্যোগে এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমসের (আইএফইএস) সহযোগিতায় ‘প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন’ নিয়ে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত র্যালিতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তি, তাদের সংগঠন ও পরিবার, দেশী-বিদেশী এনজিও ও আইএনজিও প্রতিনিধি, সিভিল সোসাইটি সদস্য এবং যুব স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। র্যালির মূল লক্ষ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রবেশগম্য নির্বাচন ব্যবস্থার দাবি তুলে ধরা।
র্যালিতে বক্তারা বলেন, দেশের বিদ্যমান নির্বাচনী আইন, নীতিমালা ও নির্দেশিকায় প্রতিবন্ধী নাগরিকদের ভোটাধিকার, সমান অংশগ্রহণ এবং প্রবেশগম্যতা নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট ও বাধ্যতামূলক বিধানের ঘাটতি রয়েছে। এর ফলে বিপুল সংখ্যক প্রতিবন্ধী ব্যক্তি এখনো কার্যকরভাবে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থেকে যাচ্ছেন। পাশাপাশি অনেক প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবার নিজেদের ভোটাধিকার সম্পর্কেও পর্যাপ্তভাবে সচেতন নন।
বক্তারা আরো বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে বি-স্ক্যানসহ বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন বাংলাদেশ নির্বাচন কমিশন ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। ভোটকেন্দ্রের প্রবেশগম্যতা, সহায়ক ব্যবস্থা এবং ভোটার শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে।
র্যালিতে বি-স্ক্যান’র সঙ্গে বাংলাদেশ জাতীয় বধির কল্যাণ সংস্থা (বিএনএফডি), আইডিয়া, সেন্টার ফর ডিজেবিলিটি অন ডেভেলপমেন্ট (সিডিডি), জাগরণী প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, আইএফইএস এবং অন্যান্য প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও র্যালিতে ‘ভোট দেবে প্রতিবন্ধী ভোটার, গণতন্ত্র শক্তিশালী হবে এবার’ স্লোগান সম্বলিত টিশার্ট বিতরণ করা হয়।










