বকেয়া বেতন দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক অবরোধ করেছেন ক্রোনি অ্যাপারেলস নামে একটি কারখানার শ্রমিকরা। গতকাল সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে কারখানার সামনে বিক্ষোভ করেন তারা।
এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে শিল্প পুলিশ এসে সড়ক থেকে তাদের সরে যেতে অনুরোধ করলে কারখানার গেটের সামনে বিক্ষোভ করেন তারা। আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের চার মাসের বেতন বকেয়া রয়েছে।
কারখানার সাবেক কর্মচারী আনোয়ার হোসেন বলেন, ‘নভেম্বর-ফেব্রুয়ারি পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। বেতন না পাওয়ায় ধারদেনা করে চলতে হচ্ছে সবাইকে। এর মধ্যে গত সপ্তাহে আমাকেসহ ৫৮ জনকে ছাঁটাই করেছে কারখানা কর্তৃপক্ষ। তাদের কেবল এক মাসের বেতন দিয়ে ছাঁটাই করা হয়েছে। আরো তিন মাসের বেতন বাকি আছে আমাদের। গতকাল কর্মরত স্টাফরা চার মাসের বেতন দাবিতে রাস্তায় নেমেছেন, আমরাও আমাদের তিন মাসের বেতন পরিশোধের দাবিতে যুক্ত হয়েছি।’
কারখানার আরেক কর্মচারী রশিদ হাসান বলেন, ‘গত তিন মাস আমরা মানবেতর জীবনযাপন করছি। আমি ভাড়া বাসায় থাকি, বাড়িওয়ালা প্রতিনিয়ত ভাড়ার জন্য চাপ দিচ্ছেন। মুদি দোকানে কয়েক হাজার টাকা বাকি জমে গেছে। চোরের মতো লুকিয়ে লুকিয়ে চলতে হয় পাওনাদারের ভয়ে। এ অবস্থায় মালিক পক্ষ আমাদের বেতন দিচ্ছে না। বাধ্য হয়ে রাস্তায় নেমেছি আমরা।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইনটেলিজেন্স) সেলিম বাদশা বলেন, ‘স্টাফদের বেতন পরিশোধের দাবিতে তারা সড়ক অবরোধ করেছিলেন। তবে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরে যেতে বলা হয়েছে। মালিক পক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। আশা করছি, দ্রুতই এ সমস্যার সমাধান হবে। আপাতত সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।’
এ ব্যাপারে ক্রোনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানীর সঙ্গে যোগাযোগ করলে তার কোনো সাড়া পাওয়া যায়নি। গত সপ্তাহে ৫৮ কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘কারখানায় স্টাফের সংখ্যা বেড়ে যাওয়ায় অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। বেতন-ভাতা আমরা হিসাব করে বুঝিয়ে দিব।’










