স্বাস্থ্য অধিদপ্তর গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, চলতি বছর ১০ হাজার ১২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

সরকারের হিসাবে এডিস মশাবাহিত এ রোগে চলতি বছর ৩৩ জনের মৃত্যু হলো। যার মধ্যে জুলাইয়েই ১৫ জন মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় (গতকাল সকাল ৮টা) ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৪২ জন।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয় ৭৭ জন। ৩৫ জন ভর্তি হয় দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। দুই সিটি করপোরেশনের বাইরে আরো ২১ জন ভর্তি হয়েছে।

দেশের বিভাগগুলোর মধ্যে বরিশালে ১০ জন, চট্টগ্রামে ৩৮, খুলনায় ৪০ ও ময়মনসিংহে ২১ জন হাসপাতালে রোগী ভর্তি হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ২৪১ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ১০ হাজার ১২ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯ হাজার ৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।