নাটোরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তামিম (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নাটোর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব জানিয়েছে, এক বছর ধরে অষ্টম শ্রেণী পড়ুয়া ভুক্তভোগী কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল তামিমের। মোবাইলে কথোপকথনের এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

পরে গত ৭ ফেব্রুয়ারি তাকে ‘বিয়ের কথা’ বলে নাটোরের তেবাড়িয়া ইউনিয়নের চাঁনপুরে নিয়ে যান তামিম। সেখানে একটি নির্জন কলাবাগানে চার সহযোগীসহ কিশোরীকে ধর্ষণ করেন তিনি। রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর ভোরে স্থানীয় আব্দুল মজিদের হাতে তুলে দেন তারা। মজিদ তাকে অজ্ঞাত একটি বাড়িতে নিয়ে আরো দুই দফা ধর্ষণ করেন।

পরে কিশোরীকে রাজশাহীগামী বাসে তুলে দেয়ার জন্য বেলঘরিয়া বাইপাস মোড়ে নিয়ে যান আব্দুল মজিদ ও  তার সহযোগী সিরাজুল ইসলাম। উপস্থিত লোকজন ওই কিশোরীর আচরণ দেখে সন্দেহ করলে তারা পুলিশে খবর দেয়।

ওইদিন কিশোরীকে উদ্ধার এবং মজিদ ও সিরাজকে গ্রেফতার করে পুলিশ। পরে কিশোরীর বাবা তামিম, আব্দুল মজিদ ও সিরাজুলসহ ৫ জনের নামে অপহরণ ও ধর্ষণের মামলা করেন।

র‍্যাব জানায়, এ ঘটনার পরই আত্মগোপনে চলে যান তামিম। গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে শনিবার মাঝরাতে তাকে আটক করতে সক্ষম হয় র‍্যাব।