‘ক্রিকেটের গুগলির মতো সরকার বিএনপির গুগলিতে বোল্ড আউট হয়ে গেছে’— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগকে আউট করতে গিয়ে বিএনপি নিজেই বোল্ড আউট হয়ে গেছে। তারা ঢাকা অবরোধ করতে চেয়েছিল। পরে তারা নিজেরাই পালিয়ে গেছে। সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেছে। ফাঁকা মাঠ দেখে আমার নিজেরই লজ্জা লাগছিল। টেলিভিশনে দেখেছি ১০-১৫ হাজারের বেশি মানুষ হবে না। তারা বড় সমাবেশের ডাক দিয়েও মানুষ পায়নি। তাই বড় মাঠে না গিয়ে তারা নয়াপল্টনের সামনে জনসভা করতে চায়।’
গতকাল বাংলাদেশ টেলিভিশন রংপুর উপকেন্দ্র পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, ‘বিএনপি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে চাচ্ছে। বিএনপি গাড়ি পোড়াচ্ছে, মানুষ পোড়াচ্ছে, খুন করছে। তাদের এক নেতা কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে আদালত তার আবেদন খারিজ করে দেন। বিএনপির লজ্জা থাকা উচিত পঞ্চমবারের মতো তাদের সন্ত্রাসী সংগঠন আখ্যা দিল কানাডার আদালত। বিশ্বের অন্য দেশেও বিএনপি নেতারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিল, সেখানেও তাদের সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করা হয়েছে।’










