গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৭ মে জারি করা পরিপত্রের মাধ্যমে ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’ নতুনভাবে গঠন করা হয়েছিল।
পুনর্গঠিত কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে সহসভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে রাখা হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের।
কমিটিতে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, গৃহায়ন ও গণপূর্ত, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, তথ্য ও সম্প্রচার, সংস্কৃতি, প্রতিরক্ষা, রেলপথ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিবরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
এছাড়া ঢাকা ওয়াসা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, এনজিও-বিষয়ক ব্যুরো এবং দেশের সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিশেষজ্ঞ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এন্টোমলজি বিভাগের চেয়ারম্যান এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের এন্টোমলজি বিভাগের বিভাগীয় প্রধানকে রাখা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব বা সচিব কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।










