জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, প্রশাসনিক কার্যক্রম সচল রাখা, জনগণের ভোগান্তি কমানো ও নাগরিক সেবা নিশ্চিতে সারা দেশের বিভিন্ন সরকারি দফতরের শূন্যপদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, কর্মপরিকল্পনায় উল্লিখিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’ উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগসংক্রান্ত সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে কুড়িগ্রাম-১ আসনের সদস্য মো. আনোয়ারুল ইসলামের টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, শূন্যপদের সঠিক তথ্য সংগ্রহ এবং নিয়োগের অধিযাচন (রিকুইজিশন) দ্রুত পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোয় এরইমধ্যে পত্র পাঠানো হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন, দ্রুততম সময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে, সংশ্লিষ্ট দফতরগুলোকে শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল রাখতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতে সরকার বদ্ধপরিকর।