রাজধানী ঢাকার আদাবর থেকে নিখোঁজ তিন বোনকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে। যশোরের কোতোয়ালি থানা পুলিশ গতকাল দুপুরে সদর উপজেলার চাঁদপাড়ার পশ্চিমপাড়া থেকে তাদের উদ্ধার করে।

উদ্ধার তিন বোন হলো রুকাইয়া আরা চৌধুরী (২১), জয়নব আরা চৌধুরী (১৯) এবং খাদিজা আরা চৌধুরী (১৭)। তারা চাঁদপাড়ার রফিকুজ্জামানের মেয়ে।

উদ্ধার তিনজনের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ জানিয়েছে, তারা বাবামার সঙ্গে উত্তরা লেকসিটি কনকর্ডে ভাড়া বাসায় থাকত। ২০১২ সালের দিকে তাদের বাবা-মায়ের মধ্যে ঝগড়া হলে বাবা যশোর চলে আসেন এবং তারা তিন বোন মায়ের সঙ্গে ঢাকায় থেকে যায়। তাদের বাবা রফিকুজ্জামান স্কুলশিক্ষক ছিলেন। ২০১৩ সালের ২৮ আগস্ট তাদের মা তাসনিম আরা চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর বড় মেয়ে রুকাইয়া আরা চৌধুরীকে লালন-পালনের দায়িত্ব নেন তার খালা সাজিয়া নওরিন চৌধুরী। আর অপর দুই বোন জয়নব আরা চৌধুরী ও খাদিজা আরা চৌধুরীর লালন-পালনের দায়িত্ব নেন অপর খালা সামিয়ারা চৌধুরী।

তিনজনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা পুলিশকে জানায়, তাদের বাবা-মা আলাদাভাবে বসবাসের পর থেকে (২০১২ সালের পর) তাদের বাবার সঙ্গে যোগাযোগ করতে দেয়া হয়নি। তাই তিন বোন পরামর্শ করে গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে কাউকে না জানিয়ে যশোরে বাবার বাড়িতে চলে আসে। এ ঘটনায় তাদের খালা সাজিয়া নওরিন আদাবর থানায় একটি জিডি করেন।

এ বিষয়ে ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানিয়েছেন, যেহেতু তিনজন ঢাকা থেকে নিখোঁজ হয়, এ কারণে তাদের আদাবর থানায় পাঠানো হবে। এরইমধ্যে জিডির তদন্ত কর্মকর্তা যশোরের উদ্দেশে রওনা হয়েছেন।

বৃত্তির চেক বিতরণ : যশোরে ৫৫ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তির ৬ লাখ ৪৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ইকো-ইউএসএর সহযোগিতায় আমান নামে একটি বেসরকারি সংস্থা দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এ চেক বিতরণ করে। এরা সবাই সরকারি মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব যশোরের সম্পাদক তৌহিদুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীর, বণিক বার্তার যশোর প্রতিনিধি আবদুল কাদের ও আমান-বাংলাদেশের কর্মকর্তা হাসিব চৌধুরী।