করোনা আক্রান্ত সন্দেহে টাঙ্গাইলের সখীপুরে এক জঙ্গলে নারীকে ফেলে রেখে পালিয়ে গেছে তার স্বামী-সন্তান ও স্বজনরা। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামের এক জঙ্গলে থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। গজারিয়া ইউপি চেয়ারম্যান আবদুল মান্না মিঞা ও স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, জঙ্গলে অপরিচিত ওই নারীর চেঁচামেচির শব্দ শুনে বিষয়টি ইউএনওকে জানানো হয়।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, খবর পেয়ে সোমবার রাত দেড়টার দিকে পুলিশ সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারসহ আমি ঘটনাস্থলে গিয়ে ওই নারীর পরিচয় জানি। ওই নারীর বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি। তার স্বামী-সন্তান গাজীপুরের সালনায় পোশাক কারখানায় কাজ করেন। তার স্বামী-সন্তান আর স্বজনরা রাতে করোনা সন্দেহে তাকে জঙ্গলে রেখে আসে এবং সকালে বাড়ি নিয়ে বলে আশ্বাস দেয়। কিন্তু পরে তারা আর আসেননি। ওই নারী উদ্ধার করে রাতেই ঢাকায় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর আলম জানান, ওই নারীর জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা রয়েছে। রাতেই তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।









