নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল শেখ হাসিনা সরণির আন্ডারপাসে পিকনিকের বাস আটকে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে নারী ও শিশুসহ আরো অন্তত ২২ জন। পূর্বাচল ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনের সার্ভিস সড়কে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। হতাহত সবাই তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন নারায়ণগঞ্জ শাখার কর্মচারী ও তাদের পরিবারের সদস্য। পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত৷এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিতাস গ্যাস ট্রান্সমিশন নারায়ণগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মামুন আর রশীদ জানান, তিতাস গ্যাসের কর্মচারীরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে গতকাল সকালে রূপগঞ্জের একটি পার্কে বার্ষিক বনভোজনে যাচ্ছিলেন। এ সময় বনভোজনের একটি দোতলা বাস শেখ হাসিনা সরণির একটি আন্ডারপাসে আটকে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। 

ঘটনার খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। তার নাম মো. নিখিল (১২)। সে তিতাস গ্যাসের কর্মচারী নিলুফা ইয়াসমিনের ছেলে। এ ঘটনায় নিলুফাও আহত হয়েছেন। 

আহতদের মধ্যে ১২ জন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ১০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের সবাই শঙ্কামুক্ত বলে জানান মামুন আর রশীদ। তবে একজনের পা থেঁতলে গেছে জানিয়ে তিতাসের ওই কর্মকর্তা বলেন, ‘আহতদের চিকিৎসার বিষয়টি তদারক করা হচ্ছে।’  

আহত অন্যরা হলেন নিশু মনি (১৭), শাকিল আলমগীর (৫০), তানিয়া আক্তার (৪০) , শ্যামা (৩৫), সুরাইয়া (২৫), অর্পণা বিশ্বাস (২০), সুমাইয়া জাহান (৩৫), চমক (২১), মনোয়ার হোসেন (৫৮), প্রীতি (২৩), শ্রাবন্তী (১২), ইতি (৩৮), মো. নজরুল ইসলাম (৩৫), বলহরী (১৯), মদিনা সরকার (২৫), সুমাইয়া আক্তার (২৪), রাদ (১০), শরীফুল আসাদ (৪০), হুমাইরা বেগম (৫৮) ও জাহানারা (৪৫)। 

দুর্ঘটনার কারণ জানতে চাইলে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি শেখ হাসিনা সরণির একটি সার্ভিস সড়ক। সড়কটি দোতলা বাস চলাচলের জন্য নয়। চালক ভুল করে ওই সড়কে উঠে যান এবং বেপরোয়া গতিতে গাড়ি চালান। এতে আন্ডারপাসের ছাদে গাড়িটি আটকে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা উদ্দীপন ভক্ত জানান, আন্ডারপাসটিতে সর্বোচ্চ কত উচ্চতার গাড়ি চলাচল করতে পারবে তা লেখা ছিল না। তবে চালক সতর্ক থাকলে এ দুর্ঘটনা এড়ানো যেত।