বান্দরবানে কৃষক লীগের এক নেতার বিরুদ্ধে সরকারের দেয়া পাওয়ার টিলার ও ধানমাড়াই মেশিন বিক্রির অভিযোগ পাওয়া গেছে। গত রোববার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবান কার্যালয়ে ওই নেতার বিরুদ্ধে ভুয়া সমিতির নামে পাওয়া সরকারি কৃষি সরঞ্জাম বিক্রির লিখিত অভিযোগ দিয়েছে পাড়াবাসী। অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল পাওয়ার টিলার হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন কার্যালয়টির নির্বাহী প্রকৌশলী।

সদর উপজেলার কুহালং ইউনিয়নের দলবনিয়া পাড়াবাসী জানায়, ভুয়া একটি কৃষক সমবায় সমিতির নামে ২০১৯-২০ অর্থবছরে একটি ধানমাড়াই মেশিন ও সম্প্রতি একটি পাওয়ার টিলার বাগিয়ে নেন কুহালং ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শৈইসা খিয়াং। এতে প্রতিষ্ঠানের নাম লেখা ছিল। কিন্তু পরে তিনি প্রতিষ্ঠানের নাম মুছে দিয়ে তা নিজের ব্যক্তিগত বলে কৃষি সরঞ্জাম দুটি পাড়ার দুই ব্যক্তির কাছে বিক্রি করে দেন।

সরেজমিন দেখা গেছে, ধানমাড়াই মেশিন ও পাওয়ার টিলার সচল রয়েছে। তবে দুটি সরঞ্জামের গায়ে লেখা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডর নাম অন্য রঙ দিয়ে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এ সময় তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেন শৈইসা খিয়াং। তিনি বলেন, ২০১৯ সালে দলবনিয়া কৃষক সমবায় সমিতি গঠন করা হয়। বর্তমানে ১১ জন সদস্য রয়েছে। গত বছর সমিতির নামে মন্ত্রীর হাত থেকে পাওয়া ধানমাড়াই মেশিন হ্লাচাঅং খিয়াং ও সম্প্রতি পাওয়া পাওয়ার টিলার শৈচিং খিয়াংয়ের কাছে রাখা আছে। দুটি কৃষি সরঞ্জামের গায়ে লেখা পাচউবোর নাম মুছে ফেলা হলো কেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমার কারণে হয়েছে। বিষয়টা বাদ দেন।

এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াসির আরাফাত গতকাল বিকালে বণিক বার্তাকে বলেন, জেলার কৃষি খাতকে আধুনিকীকরণের লক্ষ্যে কৃষক সমিতির জন্য প্রতি বছর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আধুনিক কৃষি সরঞ্জামাদি দেয়। অভিযোগ পাওয়ার পর গতকাল পাওয়ার টিলার কার্যালয় প্রাঙ্গণে এনে হেফাজতে রাখা হয়েছে। কৃষি সরঞ্জামটির গায়ে লেখা উন্নয়ন বোর্ডের নাম মুছে ফেলা হয়েছে। ধানমাড়াই মেশিনও আনা হবে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।