ব্যক্তির ইচ্ছা ও খেয়ালখুশির ভিত্তিতে প্রকল্প গ্রহণের প্রবণতা থেকে বেরিয়ে এসে পরিকল্পনা ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, দেশের উন্নয়নে সিদ্ধান্ত হতে হবে তথ্য, গবেষণা ও বাস্তব চাহিদা অনুযায়ী।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মাল্টিপারপাস হলে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘ইনভেস্টমেন্ট ডায়লগ উইথ লোকাল পার্টনার’। আয়োজন করে বিডা ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

সভায় সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

ফাওজুল কবির খান বলেন, দেশের কিছু প্রকল্প ক্ষমতাধর ব্যক্তির ইচ্ছায় হয়েছে, যা বাস্তবে প্রয়োজন ছিল না। উদাহরণ দিয়ে তিনি বলেন, কিশোরগঞ্জের হাওড় এলাকায় ব্যয়বহুল একটি রাস্তা করা হয়েছিল, সেখানে এখন টেম্পুও চলে না। আবার ৮০০০ কোটি টাকা ব্যয়ে একটি বিদ্যুৎকেন্দ্র তৈরি হয়েছে। কিন্তু সেটি চালানোর জন্য প্রয়োজনীয় গ্যাস নেই।

তিনি বলেন, শিল্প ও জ্বালানি খাতে গ্যাসের সরবরাহে বড় ঘাটতি আছে। দেশীয় উৎপাদন ও আমদানি মিলিয়েও প্রয়োজনের তুলনায় দৈনিক প্রায় ১ হাজার এমএফ সিএফডি কম গ্যাস সরবরাহ রয়েছে।

উপদেষ্টা জানান, ক্ষমতার অপব্যবহার কমাতে কিছু সংস্কার শুরু হয়েছে। তিনি বলেন, বিদ্যুৎ সংযোগ একবার দেয়া হলে আর গ্রাহকের বাড়ি গিয়ে নতুন যন্ত্রপাতি লাগানো হয়েছে কিনা তা দেখা হচ্ছে না। গ্যাস সংযোগের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেয়া হচ্ছে, যাতে গ্রাহককে বারবার অফিসে যেতে না হয়।