ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোকাদ্দেছ মিয়া (৭০) নামে এক সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত মোকাদ্দেছ মিয়া নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের দুরুইল গ্রামের বাসিন্দা। তিনি মৃত হাজী ইব্রাহিম মিয়ার ছেলে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, কোড্ডা এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা মোকাদ্দেছ মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নবীনগরের নারুই এলাকার তামিম (১৭) আহত হয়েছেন। তিনি আখাউড়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানান ওসি।










