প্রযুক্তির অপব্যবহার, ডিজিটাল পেমেন্টের সহজলভ্যতা এবং বিভিন্ন অনলাইন প্লাটফর্মের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালিত হওয়ায় তরুণ সমাজ, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ আর্থিক ও সামাজিক ঝুঁকির মুখে পড়ছে। বৃহস্পতিবার প্রায় ৬ হাজার ৫০০ সিম উদ্ধার করেছে পুলিশ। যত্রতত্রভাবে সিম বিক্রির দায় মোবাইল অপারেটর এড়াতে পারে না। অনলাইন জুয়া নিয়ন্ত্রণ ও বন্ধে আর্থিক সেবা ও টেলিকম নিয়ন্ত্রক সংস্থাসহ সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজন।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইন জুয়া বন্ধে কার্যকর ও সমন্বিত ব্যবস্থা গ্রহণের দাবি উপস্থাপন করে এসব জানিয়েছে বিএমপিসিএ। সংগঠনের দপ্তর সম্পাদক নকিব খান প্রেরিত এ বিজ্ঞপ্তিতে অনলাইন জুয়া বন্ধে ছয় দাবি জানানো হয়েছে।

বিএমপিসিএ জানিয়েছে, আইন অনুযায়ী দেশে অনলাইন জুয়া নিষিদ্ধ। তবে অনলাইন জুয়া ও বেটিং প্লাটফর্মের বিস্তার আশঙ্কাজনক হারে বাড়ছে। এর প্রতিরোধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ ব্যাংক, মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান, মোবাইল অপারেটর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে আরো কার্যকর সমন্বয় প্রয়োজন।

সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘নিয়ন্ত্রণ কমিশনের ব্যর্থতার কারণেই দেশে বেড়েছে অনলাইন জুয়া, এ দায় বিটিআরসি কোনোভাবে এড়াতে পারে না। গত বৃহস্পতিবার প্রায় ৬ হাজার ৫০০ সিম উদ্ধার করেছে পুলিশ। যত্রতত্রভাবে সিম বিক্রির দায় মোবাইল অপারেটর এড়াতে পারে না। বিশেষ করে অনলাইন জুয়ার অর্থ লেনদেনে যদি মোবাইল আর্থিক সেবার কোনো অ্যাকাউন্ট বা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা অপব্যবহার হয়ে থাকে, তবে তা দ্রুত শনাক্ত করে বন্ধ করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া জরুরি। একইভাবে মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে পরিচালিত অবৈধ জুয়ার ওয়েবসাইট, এসএমএস প্রচারণা বা অন্যান্য ডিজিটাল কার্যক্রম শনাক্ত ও বন্ধে আরো কার্যকর নজরদারি প্রয়োজন।’

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট সব ওয়েবসাইট, অ্যাপ ও ডোমেইন দ্রুত ব্লক, সন্দেহজনক মোবাইল আর্থিক সেবা ও ব্যাংকিং লেনদেন বন্ধ এবং মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক ব্যবহার করে পরিচালিত অবৈধ জুয়া প্রচারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে বিটিআরসি, বাংলাদেশ ব্যাংক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এনসিপিসি ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে স্থায়ী টাস্কফোর্স গঠন, অনলাইন জুয়ার অর্থায়ন, বিজ্ঞাপন ও প্রযুক্তিগত সহায়তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।