প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মুক্তিযোদ্ধাদের প্রতি সবসময় সর্বোচ্চ সম্মান দেখাতে হবে। তাদের সম্মানটা থাকবে সর্বোচ্চ, যেন মুক্তিযোদ্ধা হিসেবে তারা গর্ব করতে পারেন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন। ‘প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৪’ বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সরকারপ্রধান বলেন, ‘সব থেকে বড় কথা যারা মুক্তিযোদ্ধা, তাদের কথা মাথায় রাখতে হবে। জাতির পিতা যে আহ্বান জানিয়েছিলেন—যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, সে আহ্বানে সাড়া দিয়ে জীবনের মায়া ত্যাগ করে পরিবার-সংসার সব ছেড়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল। তাদের সেই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জিত হয়েছে।’

শেখ হাসিনা জানান, একটা সময় মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিল এবং তিনি সরকারে আসার পর থেকেই তাদের সব রকম সহযোগিতা করেছেন ও করে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী ফেলোশিপ অর্জনকারীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে এটি যেন কেউ বন্ধ করতে না পারে সেজন্য ট্রাস্ট ফান্ড করে স্থায়ী বন্দোবস্ত করার ঘোষণা দেন অনুষ্ঠানে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) এ অনুষ্ঠান আয়োজন করে। ২০২৪-২৫ অর্থবছরে মাস্টার্স ডিগ্রি পর্যায়ে ৩৯ জন ও পিএইচডি পর্যায়ে ১১ জনকে প্রধানমন্ত্রী ফেলোশিপের জন্য নির্বাচন করা হয়েছে।