বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে উড়োজাহাজ চলাচল চুক্তি নেই এবং ইসরায়েলের কোনো উড়োজাহাজ বাংলাদেশে অবতরণের ঘটনা ঘটেনি। শনিবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘ইসরায়েল থেকে বিমান এল ঢাকায়’ শিরোনামে বিভিন্ন পত্রপত্রিকার অনলাইন সংস্করণে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের তৈরি পোশাক মধ্যপ্রাচ্য ও ইউরোপে নিয়ে যাওয়ার উদ্দেশে গত ৭ এপ্রিল একটি উড়োজাহাজ তেল আবিব থেকে উড্ডয়ন করে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ঢাকায় অবতরণ করে। কার্গো নিয়ে ১১টা ৫৫ মিনিটে ঢাকা থেকে উড্ডয়ন করে। অপরটি গত ১১ এপ্রিল ৭টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ ও রাত ১২টা ২৯ মিনিটে কার্গো নিয়ে ঢাকা থেকে উড্ডয়ন করে। দুটি উড়োজাহাজই মার্কিন যুক্তরাষ্ট্রের নিবন্ধিত এবং ওই দেশের উড়োজাহাজ সংস্থা ন্যাশনাল এয়ারলাইনসের।
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক উড়োজাহাজ চলাচল চুক্তি রয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি অনুযায়ী কার্গো ফ্লাইট দুটি ঢাকা এসেছিল। ঢাকা থেকে তৈরি পোশাক নিয়ে ফ্লাইট দুটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এবং ইউরোপের একটি গন্তব্যে গিয়েছে। বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে উড়োজাহাজ চলাচল চুক্তি নেই এবং ইসরায়েলের কোনো উড়োজাহাজ বাংলাদেশে অবতরণের ঘটনা ঘটেনি।
ইসরায়েল থেকে বিমান এল ঢাকায় - শিরোনামে বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভিন্নভাবে প্রকাশের ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া, এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনা অনাকাঙ্ক্ষিত ও উদ্দেশ্যপ্রণোদিত হিসাবে বিবেচ্য বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেবিচক।










