দেশের নিরাপত্তা, অভ্যন্তরীণ শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা জোরদারে নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাতে আনসার ও ভিডিপি মহাপরিচালক নৌবাহিনী প্রধানকে শুভেচ্ছা জানান। এ সময় দুই বাহিনীর পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় করার পাশাপাশি দেশের নিরাপত্তা, দুর্যোগ মোকাবেলা এবং কৌশলগত নিরাপত্তায় সমন্বিতভাবে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিশেষ করে উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও সুরক্ষা জোরদার, পারস্পরিক তথ্য আদান-প্রদান, কারিগরি ও পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জাতীয় স্বার্থে দুই বাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতার পরিধি আরো বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

দেশের স্থিতিশীলতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে নৌবাহিনী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরো জোরদারের এ উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সাক্ষাৎ শেষে দুই বাহিনীর পারস্পরিক সুদৃঢ় বন্ধনের প্রতীক হিসেবে স্মারক উপহার ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে দুই বাহিনীর যৌথ কার্যক্রম, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তঃবাহিনী সম্পর্ককে আরো সুদৃঢ় ও গতিশীল করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।