ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-মেয়েসহ তিন আরোহী নিহত হয়েছেন। ঘটনার পর এলাকার বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবের পেয়ে ভাঙ্গা থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

আজ রোববার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার নগরকান্দা উপজেলার ধর্মদী এলাকার বাকি শেখের ছেলে মাঈন উদ্দিন শেখ (৩৫), নিহত মাঈন উদ্দিনের মেয়ে তাবাসসুম (১০) ও ভাঙ্গা উপজেলার মাঝারদিয়া এলাকার মিরাজ মাতুব্বরের ছেলে সৌরভ মাতুব্বর (১৬)। তারা তিনজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে একটি মোটরসাইকেলযোগে তারা নগরকান্দার দিকে যাচ্ছিলেন। তারা ভাঙ্গা মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঢাকাগামী স্টার লাইন বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা-মেয়েসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মঈন উদ্দিন ও সৌরভ মাতুব্বর নামের দুজন মারা যান। তাবাসসুম নামের অপর এক শিশু কন্যাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায়।

তিনি আরো বলেন, ঘটনার পরে সড়ক অবরোধ করে স্থানীয়রা বিক্ষোভ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে।