ঘূর্ণিঝড় ও বন্যার ফলে দুর্যোগ কবলিত শ্রীলংকার জনগণের জন্য জরুরি ত্রাণসামগ্রী এবং উদ্ধারকারী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে বাংলাদেশ সরকার (আবহাওয়া অনুকূল থাকলে) আগামী ৩ ডিসেম্বর মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল বাংলাদেশ বিমানবাহিনীর দু’টি বিশেষ বিমানযোগে জরুরি ভিত্তিতে শ্রীলংকায় প্রেরণ করবে। প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেড এ উদ্দেশ্যে একযোগে কাজ করছে।

সম্প্রতি ঘূর্ণিঝড় ডিটওয়া’র প্রভাবে দেশটিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৫৫ জন নিহত হয়েছেন এবং কমপক্ষে ৩৬৬ জন নিখোঁজ রয়েছেন। শ্রীলংকায় উক্ত বন্যায় ২০ হাজারের অধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২ লাখ ১০ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে শ্রীলংকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মহলের কাছে সহায়তার আবেদন জানিয়েছে দেশটির সরকার।