লিবিয়া থেকে আরো ১৫৮ জন অনিয়মিত বাংলাদেশী দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৭ জুন) সকালে লিবিয়ার ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
এ প্রত্যাবাসন কার্যক্রমে সহায়তা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম এর কর্মকর্তারা।
সরকার ও আন্তর্জাতিক সংস্থার এ উদ্যোগের ফলে মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের ঝুঁকি কমাতে সহায়তা করা সম্ভব হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।










