ইসরায়েলে হামলার আশঙ্কার
মধ্যে এক ইসরায়েলি ব্যবসায়ীর জাহাজ জব্দ করেছে ইরানের একটি আঞ্চলিক কর্তৃপক্ষ। শনিবার
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ম্যারিন ট্র্যাকিং সাইটগুলো
বলছে, জাহাজটি জোডিয়াক ম্যারিটাইম নামক প্রতিষ্ঠানের এমএসসি অ্যারিস। প্রতিষ্ঠানটির
মালিক ইসরায়েলি এক ব্যবসায়ী, নাম ইয়াল ওফার।
বার্তা সংস্থা রয়টার্স বলছে,
ইরানের রেভ্যুলিউশনারি গার্ডসের জব্দ করা জাহাজটি এরই মধ্যে নিজেদের জলসীমায় রাখা হয়েছে।
শনিবার এই জাহাজ জব্দ করার সময় এতে পর্তুগালের পতাকা উড়ছিল বলে জানায় ইরান। এটি তখন
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইরানের মধ্যকার জলসীমায় ছিল।
যুক্তরাজ্যের ম্যারিটাইম
ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বলছে, ফুজাইরা এলাকার উত্তরপূর্বাঞ্চলে ৯২ কিলোমিটার দূরে
সাগর থেকে এই জাহাজ জব্দ করা হয়। এলাকাটি হরমুজ প্রণালীর কাছেই অবস্থিত।
এ ছাড়া আরেকটি ব্রিটিশ ম্যারিটাইম
সিকিউরিটি প্রতিষ্ঠান অ্যামব্রেও এই জব্দ হওয়ার তথ্য জানিয়েছে। তবে, তারা বিস্তারিত
জানায়নি।
এ ব্যাপারে মন্তব্য চাওয়া
হলে কিছু বলেনি প্রতিষ্ঠানটি। এমনকি ইরানি কর্তৃপক্ষও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।










