বাংলা একাডেমি অগণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালনাসহ স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে পুরস্কার ফেরত দিয়েছেন কথাসাহিত্যিক ডা. জাকির তালুকদার। গতকাল দুপুরে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর এক আবেদনপত্রে ক্রেস্ট, সনদ এবং ১ লাখ টাকার চেক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফেরত পাঠান। ২০১৪ সালে জাকির তালুকদার তার ‘মুসলমানমঙ্গল’ গ্রন্থের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। ১০ বছর পর তিনি এটি ফেরত দিলেন।
ডা. জাকির তালুকদার জানান, বাংলা একাডেমি অগণতান্ত্রিক, স্বেচ্ছাচারিতার মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। এ বিষয়ে একাডেমির সব মহাপরিচালককে লিখিত, মৌখিকভাবে জানানোর পরও কোনো পরিবর্তন হয়নি। তাছাড়া বাংলা একাডেমির পুরস্কার যাদের দেয়া হচ্ছে তাদের নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে একাডেমির সব স্বেচ্ছাচারিতার প্রতিবাদ হিসেবে পুরস্কার ফেরত দেয়ার সিদ্ধান্ত নেন তিনি।
ডা. জাকির তালুকদার শিক্ষাজীবন থেকেই লেখালেখির সঙ্গে জড়িত। এখন পর্যন্ত তার ২৪টি উপন্যাস ও গল্পের বই প্রকাশিত হয়েছে। ২০১২ সালে কথাসাহিত্যিক হিসাবে জেমকন পুরস্কার পান ডা. জাকির তালুকদার।
তার উপন্যাসের মধ্যে রয়েছে কুরসিনামা, বহিরাগত, মুসলমানমঙ্গল, পিতৃগণ, কবি ও কামিনী, মৃত্যুগন্ধী। এছাড়া গল্প, প্রবন্ধ, ছড়া, অনুবাদসহ তিন ডজনের বেশি বই প্রকাশিত হয়েছে তার।










