মূল্যবোধ ও পেশাদারত্বকে প্রাতিষ্ঠানিক সংস্কারের ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেছেন, আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক মূল্যবোধ নিশ্চিত করে জনগণের সেবায় নিয়োজিত হতে হবে।
আজ শনিবার গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের দুই উপজেলায় নবনির্মিত আধুনিক অফিস ভবন ও ছয় জেলায় অফিসার্স আবাসন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
উদ্বোধন অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় এসব অবকাঠামো নির্মাণ একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ। নবনির্মিত স্থাপনাগুলোর যথাযথ ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত না হলে দেশ ও জাতির কল্যাণে বাহিনীর নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব নয়। পারস্পরিক সহযোগিতা, নৈতিক মূল্যবোধ ও পেশাগত নিষ্ঠাকে ধারণ করে জনগণের সেবায় নিয়োজিত হলে বাহিনীর সক্ষমতার যথাযথ প্রতিফলন ঘটবে।
মহাপরিচালক নবনির্মিত স্থাপনাগুলোকে বাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করে এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান। আধুনিক অবকাঠামো ও সুশৃঙ্খল দাফতরিক ব্যবস্থাপনার মাধ্যমে মাঠপর্যায়ে বাহিনীর সেবা কার্যক্রম আরো গতিশীল, কার্যকর ও জনমুখী হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাহিনীটি জানায়, কর্মকর্তাদের কর্মপরিবেশ ও আবাসন সুবিধা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, যশোর, নীলফামারী, কুড়িগ্রাম ও লক্ষ্মীপুরে জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের কর্মকর্তাদের জন্য অফিসার্স আবাসন নির্মাণ করা হয়েছে। এছাড়া তৃণমূল পর্যায়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সেবার পরিধি বাড়াতে ঠাকুরগাঁওয়ের হরিপুর ও বগুড়ার ধুনট উপজেলায় তিনতলা ভিতবিশিষ্ট আধুনিক উপজেলা আনসার ও ভিডিপি অফিস ভবন নির্মাণ করা হয়েছে।










