রাজবাড়ীর পাঁচটি উপজেলায় চলতি মৌসুমে ৫০৫ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। উন্নত জাতের বাহুবলী, বিপুল প্লাস ও বিউটিফুল টমেটো চাষে ফলনও হয়েছে ভালো। তবে কৃষকদের অভিযোগ, চাষের বিষয়ে কৃষি অধিদপ্তরের সহযোগিতা পাননি তারা। যদিও অভিযোগ অস্বীকার করেছে কৃষি বিভাগ।

অভিযোগ অস্বীকার করে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘টমেটো চাষে কোনো প্রণোদনা বা প্রদর্শনী নেই। কোনো কৃষক সহযোগিতা চাইলে দেয়া হয়। এছাড়া মাঠে কোনো সমস্যা চোখে পড়লে পরামর্শ দেয়া হয়। মাঠ পর্যায়ের উপসহকারীদের মোবাইল নম্বরও কৃষকের কাছে আছে। তারা চাইলেই ফোন করে পরামর্শ নিতে পারেন।’