বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জিতলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী। আজ শনিবার (৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিল অধিবেশনে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, আজকে তারেক রহমান শুধু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারী, ভবিষ্যতে আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছেন। আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের এই নেতা আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তার দৃষ্টিতে এটা আনতে চাই। তার স্ত্রীও (জুবাইদা রহমান) একজন প্রখ্যাত চিকিৎসক, এখান (ঢাকা) থেকে তিনি গ্রাজুয়েশন করেছেন, এই বিষয়টার দিকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দেবেন। কারণ ১৮ কোটি মানুষের স্বাস্থ্য সেবা এটা বড় বিশাল একটা দায়িত্ব বলে আমি মনে করি।

মহাসচিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা দিয়েছেন। এই জাতির সবচেয়ে প্রয়োজনীয় দফাগুলো দিয়েছেন, এটাকে আমরা ‘ম্যাগনাকাটা’ বলি, সেখানে স্বাস্থ্য ব্যবস্থার কথা তিনি (তারেক রহমান) উল্লেখযোগ্যভাবে ব্যবহার করেছেন।

একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমার অনেক বয়স হয়ে গেছে। আমরা দেখতে চাই, একটি গণতান্ত্রিক ব্যবস্থা নয়, বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, অন্নের অধিকার সব কিছু নিশ্চিত করতে হবে।

ফ্যাসিস্টবিরোধী আন্দোলন চলাকালে ‘নির্যাতিত চিকিৎসকদের অবদান তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, সে সময় আমাদের অনেক চিকিৎসককে কাজে বাধা দেয়া হয়েছে, আহতদের চিকিৎসা দেয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই, জাতি আপনাদের সম্মান জানাচ্ছে যে, আপনারা যারা ওই সময়ে ঝুঁকি নিয়ে আহতদের চিকিৎসা করেছেন, সেটা জাতি কোনোদিন ভুলবে না।

এ সময় জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান এবং ড্যাবের কাউন্সিলের সফলতাও কামনা করেন বিএনপি মহাসচিব।

কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন ড্যাবের কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ।

অধ্যাপক লুৎফুর রহমানের সঞ্চালনায় অধিবেশনে বক্তৃতা করেন কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাবের সভাপতি পদে দুই প্রার্থী অধ্যাপক আজিজুল হক এবং অধ্যাপক হারুন আল রশীদ। অনুষ্ঠানে ডিজিটাল স্যুভেনির উপস্থাপন করেন ডা. মোস্তফা আজিজ সুমন।