স্বেচ্ছায় আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন ডা. শেখ মহিউদ্দিন। তার পরিবর্তে ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের দায়িত্ব দেয়া হয়েছে অধ্যাপক জামালুন্নেসাকে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্সবিষয়ক পরিচালক তারিকুল ইসলাম মুকুল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া শিশু মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। একই সঙ্গে তদারকি ব্যবস্থা জোরদার এবং বিদ্যমান প্রটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেয়া হয়েছে।
এতে আরো বলা হয়, সরকারের দিকনির্দেশনা অনুযায়ী আমরা অবকাঠামো ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। এরই মধ্যে অবকাঠামোগত উন্নয়নের কাজ পুরোদমে শুরু হয়েছে। আলো-বাতাস চলাচল তথা অক্সিজেনের উপস্থিতি নিশ্চিতে তিনজন স্বতন্ত্র (ইন্ডিপেনডেন্ট) কনসালট্যান্টের নেতৃত্বে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের কাজ চলমান রয়েছে। করপোরেট অফিসের ওপরে অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
পরিচালনা পর্ষদের নতুন দায়িত্ব পাওয়া অধ্যাপক জামালুন্নেসা ২৫ বছরেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করে সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তিনি ১৯৮৮ সালে একই বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।










