ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে যোগ দিলেন শেখ মো. সাজ্জাত আলী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
ডিএমপি হেডকোয়ার্টার্সে পৌঁছালে বিদায়ী কমিশনার মো. মাইনুল হাসান তাকে স্বাগত জানান। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সুসজ্জিত দল নবনিযুক্ত কমিশনারকে গার্ড অব অনার প্রদান করে। দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায়ী কমিশনারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।
শেখ মো. সাজ্জাত আলী ১৯৮৬ সালের ২১ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তিনি ঝিনাইদহ, পুলিশ হেডকোয়ার্টার্স এবং এসবিতে দায়িত্ব পালন করেন। উপ-পুলিশ কমিশনার হিসেবে তিনি ডিএমপিতে কাজ করেছেন।
তিনি নড়াইল, বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। ডিআইজি পদে পদোন্নতি পেয়ে হাইওয়ে পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ, ঢাকা রেঞ্জ এবং পুলিশ হেডকোয়ার্টার্সে কাজ করেছেন।
২০১৬ সালের ৩ নভেম্বর অতিরিক্ত আইজিপি পদে থাকা অবস্থায় তাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়। তিনি বর্তমানে সরকারের পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।










