টাঙ্গাইলের ভূঞাপুরে আরো এক করোনা রোগী শনাক্ত হয়েছেন। তিনি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি গ্রামের বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে। আর ভূঞাপুরে এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।

গতকাল শনিবার (১৮ এপ্রিল) রাতে ঢাকার রোগতন্ত্র, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে জেলা সিভিল সার্জনকে নতুন আক্রান্তের বিষয়ে জানানো হয়েছে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে ভূঞাপুরে চার জনের করোনাভাইরাস পজেটিভ আসে। গতকাল শনিবার আরও একজনের করোনাভাইরাস পজেটিভ ধরা পড়ে। এতে আক্রান্তের বাড়িসহ দুটি বাড়ি লকডাউন করা হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান বলেন, গতকাল শনিবার টাঙ্গাইল থেকে ৫১টি নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে একটি পজেটিভ হয়েছে। জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০৩টি। যার মধ্যে ১১ জনের করোনা পজেটিভ হয়েছে। এরমধ্যে ভূঞাপুরে ৫ জন, নাগরপুরে ৩ জন, মির্জাপুরে ১ জন, ঘাটাইলে ১ জন ও মধুপুরে ১ জন।