বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে করা মামলা ১০ দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। এ সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।

আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে আয়োজিত এক মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেয়া হয়। ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল। তিনি ১০ দিনের আল্টিমেটাম ঘোষণা করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কামরুজ্জামান খানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হয়েছে। কোনো তদন্ত ছাড়াই মামলা নেয়ার সঙ্গে যারা জড়িত, তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। একটি পক্ষের স্বার্থসিদ্ধির জন্য সাংবাদিকের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন সাংবাদিক নেতারা।

মানববন্ধনে বক্তারা মামলার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কীভাবে মামলা গ্রহণ করেছেন, তা খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আগামী ১০ দিনের মধ্যে কামরুজ্জামান খানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এতে আরো বক্তব্য দেন ক্র্যাবের সাবেক সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আলম, মাহবুব আলম লাবলু, আলাউদ্দিন আরিফ, উপদেষ্টা ইকরামুল কবীর টিপু, সাংগঠনিক সম্পাদক নিহাল হাসনাইন প্রমুখ।