ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর গুলি চালানো ব্যক্তি ও তার সহযোগী মোটরসাইকেলের চালককে শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ জানায়, মোটরসাইকেলের পেছনে বসে হাদির মাথায় গুলি চালান ফয়সাল করিম মাসুদ এবং মোটরসাইকেল চালান আলমগীর শেখ। ডিএমপি সদর দপ্তরে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম।
ভিডিও ও ছবি বিশ্লেষণের মাধ্যমে দুজনকে শনাক্ত করা হয়েছে জানিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম জানান, চিহ্নিত এ দুজনকে গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। এখন পর্যন্ত তাদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন, সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও দেশের সব বন্দরকে সতর্ক করা হয়েছে।
হাদির ওপর হামলার ঘটনায় সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেয়া হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে আটক করা হয়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ তিনজনকে আটক করা হয়।
এছাড়া ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। এর মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছে। যদিও হান্নানের দাবি, তিনি মোটরসাইকেলটি অনেক আগেই বিক্রি করে দিয়েছেন।
র্যাব জানায়, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। গ্রেফতারকৃত হান্নানের বাবার নাম মো. আবুল কাশেম। তার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ। হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।
হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততা নেই বলে গতকাল ঢাকার মহানগর হাকিম দিদারুল আলমের আদালতে জানান আব্দুল হান্নান। শুনানিকালে হান্নান কথা বলতে আদালতের অনুমতি চান। আদালত অনুমতি দিলে তিনি বলেন, ‘আমাকে গ্রেফতার করার পর র্যাবকে বলেছিলাম, শোরুমে নিয়ে চলেন তাহলে সবকিছু বেরিয়ে আসবে। কিন্তু তারা নিয়ে যায়নি। থানায় এসেও বলেছিলাম শোরুমে নিয়ে যেতে। তদন্ত করেন, সব বেরিয়ে যাবে।’ তখন বিচারক বলেন, তদন্তে সহযোগিতা করবেন। হান্নান আদালতে জানান, তিনি বাসায় পড়ে থাকা মোটরসাইকেলটি বিক্রি করে দিয়েছিলেন। এরপর কে বা কারা এটি দিয়ে অপরাধ সংঘটিত করেছেন সে বিষয়টি জানা নেই। শুনানি শেষে আদালত তার তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।










