লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান গতকাল সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব নিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান লেফটেন্যান্ট জেনারেল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। 

লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান ১৯৮৯ সালের ২২ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট, সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুরের এরিয়া কমান্ডারসহ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।—আইএসপিআর