রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ শহরের দুটি উপ-কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ৩ হাজার ২০৪ পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৪১৯ জন উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ৭৫ দশমিক ৫০ শতাংশ। ৭৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
পরীক্ষা চলাকালে রাবিপ্রবির ভিসি অধ্যাপক ড. সেলিনা আখতার, প্রো-ভিসি অধ্যাপক ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি অনুষদের ডিন সহকারী অধ্যাপক ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় ভাইস চ্যান্সেলর ড. সেলিনা আখতার পরীক্ষায় দায়িত্বরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও পরীক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। ভিসি বলেন, ‘আমরা পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেছি। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।’









