ঝালকাঠির কাঠালিয়ায় রাকিবুল হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে অবস্থান ও মানবন্ধন করেছে স্বজনরা। আজ শনিবার সকালে কাঠালিয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালিত হয়। এতে অংশগ্রহণকারীরা হত্যার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
মানববন্ধনে বক্তারা জানান, গত ২৭ আগস্ট পৈত্রিক সম্পত্তিতে ধানের চারা রোপণ করার চেষ্টা করলে লাঠি নিয়ে হামলা চালান দক্ষিণ চেচরী গ্রামের শহিদুল ইসলাম শহিদ, ইব্রাহিম হোসেন তপু, নজরুল ইসলাম হাওলাদারসহ অনেকে। তাদের হামলায় রাকিবুল ইসলাম, শফি উদ্দিন ও তরিকুলসহ অন্যরা গুরুতর আহত হয়। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে রাকিবুলের অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে ৬ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে গতকাল ২ সেপ্টেম্বর সকালে রাকিবুলের মৃত্যু হয়।
ঘন্টা ব্যাপী অবস্থান ও মানববন্ধন কর্মসূচিতে নিহত রাকিবুলের অন্তঃসত্বা স্ত্রী হাঁসি বেগম, পিতা মোঃ শফি হাওলাদার, মা লিলি বেগম, ছেলে মোঃ সাকিবুল ইসলাম, বড় ভাই মোঃ তরিকুল ইসলাম, বোন সুলতানা বেগম ও ভাই মোঃ আরিফসহ অন্যান্য আত্মীয়-স্বজনসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউপি সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।










