রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আজ বুধবার ( ১৭ জুলাই) দুপুর ১২টার আগে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম।
তিনি বলেন, ইউজিসি থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা জরুরি সিন্ডিকেট মিটিং করে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছি। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পাশাপাশি হলও বন্ধ হবে। দুপুর ১২টার মধ্যে সব হল থেকে শিক্ষার্থীদের চলে যেতে বলা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রণব কুমার পান্ডে জানান, সিন্ডিকেটের জরুরি সভায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে বুধবার দুপুর ১২টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, আবাসিক হলের পর রাজশাহীতে সকল শিক্ষার্থীদের মেস ছাড়ারও নির্দেশ দিয়েছে রাজশাহী মহানগর মেস মালিক সমিতি। আজ বেলা ১২টার মধ্যে সকল ছাত্রাবাস-ছাত্রীনিবাস, ফ্লাট-বাসায় অবস্থানরত শিক্ষার্থীদের এ নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ জুলাই) রাতে রাজশাহী মহানগর মেস মালিক সমিতি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, দুপুর ১২টার পর কোনোক্রমেই মেস কিংবা বাসা-বাড়িতে শিক্ষার্থীদের অবস্থান করা যাবে না। এই সংকট প্রশমিত হলেই কর্তৃপক্ষ পুনরায় নোটিশের মাধ্যমে তা জানিয়ে দিবে।
এর আগে, মঙ্গলবার রাতে ইউজিসির নির্দেশনার বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে পাঠানোর নির্দেশনা দেয়া হলো।









