সীমান্ত জেলা সাতক্ষীরায় লকডাউনের চতুর্থ দিনেও করোনা সংক্রমণ বাড়ছে। সবশেষ ফলাফলে ১৮৭ জনের শরীরে নমুনা পরীক্ষায় ১০৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় ৫৫ দশমিক ০৮ শতাংশ যা জেলায় একদিনে সর্বোচ্চ হার। এনিয়ে জেলায় মঙ্গলবার পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৮৯ জন।  

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা গেছেন এক নারী ও দুই সহোদরসহ আরো ৫ জন। এনিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন কমপক্ষে ২৩২ জন ব্যাক্তি। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ জন।

এমন পরিস্থিতিতে করোনার লাগাম টানতে প্রশাসনকে কিছুটা কঠোর হতে দেখা গেছে। শহরের বিভিন্ন পয়েন্টে আরও বেশী সংখ্যক চেকপোস্ট বসিয়ে সাধারনের চলাচল নিয়ন্ত্রন করছে পুলিশ। বাড়ানো হয়েছে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম।

গত শনিবার থেকে সোমবার পর্যন্ত তিনদিনে ৪১টি অভিযান পরিচালনা করা হয়েছে, মামলা দায়ের করা হয়েছে ২১৭ টি এবং এই সময়ে স্বাস্থ্যবিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ প্রতিপালন না করায় ১ লাখ ২৩ হাজার ৫৪৩ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

জেলায় সব ধরনের গণপরিবহন বন্ধ থাকলেও কিছু কিছু এলাকায় মোটরচালিত যান চলতে দেখা গেছে। এছাড়া সীমিত সময়ের জন্য সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত চলছে ভোমরা স্থল বন্দরের আমদানী-রফতানি কার্যক্রম।